জরিমানা হতে পারে আরও যেসব প্রতিষ্ঠানের

0
জরিমানা হতে পারে আরও যেসব প্রতিষ্ঠানের

বাংলাদেশ প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের আর্থিক খাতের প্রায় সব নিয়ন্ত্রক সংস্থায় পরিবর্তন এসেছে। বিগত সরকারের সময়ে যেসব লুটপাট হয়েছে, তা বন্ধে নেওয়া হয়েছে নানা ধরনের সংস্কারমূলক উদ্যোগ। তারই অংশ হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বেও পরিবর্তন এসেছে। ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর ১৯ আগস্ট সংস্থাটির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন খন্দকার রাশেদ মাকসুদ। তার নেতৃত্বাধীন কমিশন বিগত সরকারের আমলে পুঁজিবাজারে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তা চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতে, গত ১৫ বছরে পুঁজিবাজার থেকে ১ লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। এর মধ্যে বড় অংশই লুটপাট হয়েছে শেয়ার কারসাজির মাধ্যমে। যার কিছু অংশ চিহ্নিত করে এরই মধ্যে অভিযুক্তদের প্রায় ৭২২ কোটি টাকা জরিমানা করেছে খন্দকার রাশেদ মাকসুদের কমিশন।

অন্তর্বর্তী সরকারের আমলে বিএসইসির কমিশন সভায় নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে দেখা গেছে, এই সময়ে অন্তত পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির শেয়ার কারসাজি পর্যালোচনা করে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রায় প্রত্যেকটি শেয়ার কারসাজির পেছনেই আলোচিত কারসাজিকারক সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়েরের (হিরু) সম্পৃক্ততা পেয়েছে বিএসইসি। ফলে হিরুর পরিবারসহ সংশ্লিষ্টদের ৭২১ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

যেসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির প্রমান পেয়েছে বিএসইসি

খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন সর্বপ্রথম ইমাম বাটনের (বর্তমানে হামি ইন্ডাস্ট্রিজ) শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কারসাজিকে চিহ্নিত করেছে। এ অপরাধের দায়ে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯২১তম কমিশন সভায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানকে এক কোটি টাকা জরিমানা করা হয়। এটিই বর্তমান কমিশনে অধিনে কোন শেয়ারে কারসাজির অপরাধে করা প্রথম জরিমানা। একই কমিশন সভায় কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। এক্ষেত্রে শাহারা জামান ও তার সহযোগী আশফাকুজ্জামানকে আড়াই লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডকে ১০ লাখ টাকা এবং লুতফুল গনি টিটু, মাহমুদুল হাসান, খাইরুল হাসান বেনজু, লুতফুন্নাহার বেগম ও আকিকুন্নাহারকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের ৯২৩তম সভায় প্যারামাউন্ট ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজিকে চিহ্নিত করে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ চার ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা, আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতব্বরকে ১০ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অপরাধে সোনালী পেপারের শেয়ারধারী তিন পরিচালককে ২০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- সোনালী পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজা ইউনুস ও পরিচালক মোহাম্মদ জাবেদ নোমান।

জরিমানা হতে পারে আরও যেসব প্রতিষ্ঠানের

বিডি পেইন্টস, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, মামুন এগ্রো প্রডাক্টস, লুব-রেফ বাংলাদেশ, কৃষিবিদ সিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও প্যাসিফিক ডেনিমসের ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অংশ বিধি অনুসারে নির্ধারিত সময়ে শেয়ারহোল্ডারদের পরিশোধ না করায় অবশিষ্ট অপরিশোধিত অংশ ১৫ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় বিডি পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ৯৭ লাখ, ওরিজা এগ্রোর এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ৪৭ লাখ, সাফকো স্পিনিংয়ের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ২০ লাখ, মামুন এগ্রো প্রডাক্টসের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ১৩ লাখ, লুব রেফের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ, কৃষিবিদ সিডের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ১০ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ১ কোটি ৯১ লাখ ও প্যাসিফিক ডেনিমের এমডিসহ পরিচালনা পর্ষদের পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ছাড়া) প্রত্যেককে ১৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হবে। এ ব্যর্থতা অব্যাহত থাকলে তাদের প্রত্যেককে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে।