মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে মা ইলিশ শিকার নিষেধাজ্ঞার সময়ে প্রণোদনার চাল না পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বেদে সম্প্রদায়ের লোকজন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত নারী-পুরুষ অবস্থান নেন। এসময় তার মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া স্বচ্ছল পরিবারকে প্রণোদনার চাল দেওয়ার অভিযোগ করেন তারা।
জানা গেছে, বুধবার সকালে মুলাদী পৌরসভা কর্তৃপক্ষ জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ শুরু করেন। সংবাদ পেয়ে পৌরসভার বেদেরা মৎস্যজীবী পরিচয়পত্র নিয়ে সকাল ৯টার দিকে পৌর চত্বরে হাজির হন। সারাদিন সেখানে থাকার পরে বিকেল পৌনে ৪টার দিকে জানানো হয়, তালিকায় তাদের নাম নেই। এতে বেদেরা ক্ষিপ্ত হন এবং চালের দাবিতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বেদে পরিবারের সদস্য জরিনা বেগম জানান, প্রতিবছর মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ে চাল পেয়ে আসছেন তারা। তাই এবছরও পৌরসভায় গিয়েছিলেন। কিন্তু পৌরসভার সামনে প্রায় ৭ঘন্টা অপেক্ষার পরে জানানো হয় তালিকায় নাম নেই। অথচ বেদে পরিবারের কমপক্ষে ১জনের মৎস্যজীবী পরিচয়পত্র রয়েছে। পৌরসভায় যাদের চাল দেওয়া হয়েছে তাদের অনেকেরই মৎস্যজীবী পরিচয়পত্র নেই এবং তারা মাছ ধরার ওপর নির্ভরশীল নয়।
সোহেল সরদার বলেন, ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে বেদেরা জাল নিয়ে নদীতে নামতে পারেনা। এই সময়ে প্রণোদনা না পেলে অনেক বেদে পরিবারকে না খেয়ে থাকতে হবে।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নিজাম উদ্দিন বলেন, এবছর নতুন তালিকা করার সময়ে কিছু জেলে বাদ পড়েছেন। বেদে সম্প্রদায়ের বাদ পড়ার বিষয়টি জানা ছিল না। এবিষয়ে তদন্ত করে প্রকৃত জেলেদের তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

