উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ নভেম্বর লকডাউনের নামে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ও ভাংচুরসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার অভিযোগে নাশকতা বিরোধী অভিযানে সাত জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দূর্গাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শাখা ছাত্রলীগের সহ সভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামিলীগের উলিপুর উপজেলা ব্রম্মপুত্র ভাঙ্গন থেকে হাতিয়া বাঁচাও কমিটির সভাপতি বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগের সক্রিয় কর্মী জাহিদ হাসান নিশান ও হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড সেক্রেটারি রাজু মিয়া।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে। যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।

