পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুধীজনের বিদায় সংবর্ধনা

0
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে সুধীজনের বিদায় সংবর্ধনা

পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সুধীজনের ব্যানারে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

তার বিদায় বেলায় বক্তব্য রাখেন তাম্বুলপুর পরিষদের ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, রহিম উদ্দিন ভরসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মোত্তালিব হোসাইন, পীরগাছা জে.এন হাইস্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী রায়, কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিল।

শেখ মো. রাসেল চলতি বছরের ৯ জুলাই পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এখন তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী হয়েছেন।

শেখ মো. রাসেল পীরগাছায় যোগদানের পর থেকে কিছু প্রকল্প হাতে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ‘লাভ ইউর রিডিং টেবিল’ অর্থাৎ তিনি প্রতি সপ্তাহে একদিন করে উপজেলার যেকোন একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতেন। এসময় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী, মোবাইল আসক্তি থেকে দুরে থাকা, পড়ার টেবিলে ফিরে আসার জন্য উদ্বুদ্ধকরণ ও প্রেরণামূলক কথা বলতেন।

এছাড়াও তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করতেন। এমন উদ্দীপনামূলক কাজ এর আগে পীরগাছার কোন ইউএনওকে করতে দেখা যায়নি বলে দাবি করেন বিদায় সংবর্ধনার বক্তারা। আরো কিছুদিন পীরগাছায় থাকলে হয়তো তিনি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। তার পরবর্তী কর্মময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সদ্যবিদায়ী ইউএনও শেখ মো. রাসেল।