ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে

0
ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে থানায় ডিউটিতে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আনিস কোটচাঁদপুর থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ট্রাকটি শনাক্তে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।