ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনা করে শিবনগরের এম.এম.বি.এম ব্রিকস ও ঈশ্বরবার এ.এম.বি.এম ব্রিকস ভাটার বিদ্যুৎ সংযোগ ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি কাঁচা ইট বিনষ্ট ও ভাটার আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম এবং প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান।
কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট ভাটাদাতাদের বিরুদ্ধে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

