কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে, বরদাশত করা হবেনা: জামায়াত আমির

0
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে, বরদাশত করা হবেনা: জামায়াত আমির

সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিশ্বের সব শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারও দাদাগিরি দেখতেও চাই না। বরদাশত করতেও রাজি নই।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৮ দলীয় জোটের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আজকে রাস্তাঘাটে, হাটেবাজারে, নগরে বন্দরে সব জায়গায় মুক্তি-পাগল মানুষ। তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে। তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান। অমুক শক্তি, তমুক শক্তি, অমুক দেশ, তমুক দেশ। তাদেরকে পরিষ্কার বলি—ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহেরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না।

তিনি বলেন, ‘যারা অন্যদের তল্পিবাহক হবে, তাদেরকে বলব, আগে যারা তাবেদারি করেছে, তাদের থেকে মেহেরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য। এরা ওখানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না—এই পর্যায়ে এসে গেছে। আপনারা যাবেন কোথায়? আপনারা এই দেশে থাকেন। এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার চেষ্টা করেন।’

খেলাফতে মজলিসের সাবেক আমির মাওলানা আব্দুল বাছিত আযাদের সভাপতিত্ব শুরু হওয়া এই সমাবেশে দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

জামায়াত আমির বলেন, দেশের ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের কালো ছায়া এখনো যায়নি। একদল চাঁদাবাজি ও নৈরাজ্য করে পালিয়ে গেছে। বর্তমানে দ্বিগুণ উদ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।

সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও সাবেক আমির মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত আন্দোলনের অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

জামায়াতের আমির অন্য ইসলামী দলগুলোকে ইঙ্গিত করে বলেন, অন্য ঠিকানায় আপনাদের বড় বেমানান লাগে। আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, আমরা বুক পেতে মেনে নেব। আপনারা কেন চাঁদাবাজি ও অপকর্মের অংশীদার হবেন।

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।