মহেশপুর সীমান্তে লাশ হস্তান্তর, মাদক উদ্ধার ও ৬ অনুপ্রবেশকারী আটক

0
মহেশপুর সীমান্তে লাশ হস্তান্তর, মাদক উদ্ধার ও ৬ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে একদিনে লাশ হস্তান্তর, মাদক উদ্ধার ও অনুপ্রবেশকারীদের আটক এ তিনটি ঘটনায় পরিস্থিতি ছিল বেশ টানটান। শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে জারি করা দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ২৯ নভেম্বর ভারতের অভ্যন্তরে মাদক আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত চুয়াডাঙ্গার জীবননগরের শহিদুল ইসলাম শহিদের মরদেহ ভারতীয় কর্তৃপক্ষ দুপুর ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৬৪/এমপি’র শূন্যরেখায় বিজিবি-বিএসএফ ও বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। নিহতের বাবা ও ভাই লাশ শনাক্ত করেন এবং পরবর্তীতে জীবননগর থানা পুলিশ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

এদিকে ভোরে বাঘাডাঙা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সীমান্তবর্তী একটি ভোটার ক্ষেতে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইদিন দুপুরে কলাবাগান সীমান্ত পাড়ে সুবেদার মোস্তাক আহমেদের নেতৃত্বে আরেকটি টহলদল অবৈধভাবে ভারত অভিমুখে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১ পুরুষ, ৪ নারী ও ১ শিশুসহ মোট ৬ বাংলাদেশিকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৩ পুরুষকে আইনি প্রক্রিয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৩ জন নারী-শিশুকে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার কাছে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।