শার্শা প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম।
শনিবার (১৩ ডিসেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শরিফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

