শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

0
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

শর্শা প্রতিনিধি: যশোরের শার্শায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে নাভারন দারুল আমান ট্রাস্ট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শা উপজেলার সার্বিক উন্নয়নে বেনাপোল স্থলবন্দরকে আধুনিক ও জনবান্ধব করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি বলেন, এই তিনটি খাতে সুশাসন নিশ্চিত করা গেলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শার্শাকে একটি আদর্শ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ। এছাড়া শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মাদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাভারন প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।