বাংলাদেশ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোরভাবে আইন ও বিধি অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, “দেশটি আমাদের সবার। রাষ্ট্রকে সঠিক পথে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। আপনারা যদি দক্ষতার সাথে কাজ করেন, তবেই আমি স্বস্তিতে থাকি। কিন্তু আপনাদের কাজে কোনো বিচ্যুতি ঘটলে বা আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আমার ঘুম হারাম হয়ে যাবে।”
নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের কাঁধে এখন এক বিশাল জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব। আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।”
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আমি আশা করি, আমরা সবাই মিলে এই গুরুভার বহন করব। কোনো ধরনের বিচ্যুতি ছাড়াই সঠিক সময়ে কার্যকরভাবে কাজ সম্পন্ন করতে হবে। আমরা কাজের মাধ্যমেই আইনের শাসন কী, তা প্রমাণ করতে চাই।”
তিনি আরও যোগ করেন, “অতীতে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা ও অপবাদ দেওয়া হয়েছে। আমরা সেই গ্লানি থেকে মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব, যা কেবল আইনের শাসনের মাধ্যমেই অর্জন করা সম্ভব।”
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাহস দিয়ে সিইসি বলেন, “পুরো দেশের প্রশাসনিক শক্তি আজ এখানে উপস্থিত। আপনারা যখন সাহসিকতার সাথে কাজ করবেন, তখন আমিও শক্তি পাব। আপনাদের প্রতিটি সঠিক পদক্ষেপ আমাকে সাহসী করবে। আমি কথা দিচ্ছি—আপনারা যদি আইন ও বিধি অনুযায়ী সাহসী ভূমিকা পালন করেন, তবে নির্বাচন কমিশন সর্বদা আপনাদের পাশে থাকবে।”

