টাঙ্গাইলে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

0
সখিপুরে মোটর সাইকেল সংঘর্ষে নিহত তিন বন্ধু।

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)। নিহত আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে কালমেঘা- নলুয়া সড়কের বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেল গতির পাল্লা শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, সাব্বির নামের অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সখীপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে থানায় দুটি লাশ আনা হয়েছে এবং অপরটি আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।