মহেশপুরে বিজিবির টানা মাদকবিরোধী অভিযানে আসামীসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

0
মহেশপুরে বিজিবির টানা মাদকবিরোধী অভিযানে আসামীসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে টানা ও সমন্বিত অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি)।

গত ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক পৃথক অভিযানে বিজিবি সদস্যরা আসামীসহ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর বিকেলে গয়েশপুর বিওপি’র আওতাধীন এলাকায় হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. শাহিনুর রহমান (৪৩) নামের এক মাদক কারবারিকে ১ বোতল ভারতীয় উইন সিরেক্স কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়।

একই দিন সন্ধ্যায় জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া ২৭ ডিসেম্বর দিবাগত রাতে যাদবপুর বিওপি’র আওতাধীন এলাকায় হাবিলদার মো. আবুল কালামের নেতৃত্বে অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ২৫ বোতল উইন সিরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

সর্বশেষ ২৭ ডিসেম্বর সকালে কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।