বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদের স্পিকার এবং বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ, ২০২৬) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই শোক সংবাদ নিশ্চিত করেছেন।
দিলারা হাফিজের মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছিলেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ আগামীকাল রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরপর তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নিম্নোক্ত সূচি অনুযায়ী সম্পন্ন হবে:
আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ওই দিনই জোহর নামাজের পর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে। জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার সহধর্মিণীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

