চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত এলাকা থেকে আটক হওয়ার পর ভারতে মৃত্যুবরণ করা বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ( ৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
মৃত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, জহুরপুরটেক সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রবিউলের মরদেহ বাংলাদেশ পক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, বিএসএফের দাবি অনুযায়ী রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক অবস্থায় হঠাৎ খিচুনি উঠলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন। দুই দফা পতাকা বৈঠকে বিএসএফ এই তথ্য জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তীব্র শীত উপেক্ষা করে রবিউল ইসলাম সীমান্ত অতিক্রম করে ভারতে যান। রোববার ভোরে বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে একটি বিএসএফ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফ রবিউল ইসলামের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করে।

