জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদ: খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

0
জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদ: খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে রাজনৈতিক দলত্যাগের বড় ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটির আদর্শে সংহতি প্রকাশ করেন। এনসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে এই বিশাল সংখ্যক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, “শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। যারা স্বাধীনতার চেতনা ও গণতন্ত্রে বিশ্বাসী, তাদের জন্য বিএনপির দুয়ার সবসময় খোলা।” তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বিপ্লব ত্রিপুরা তাঁর বক্তব্যে অভিযোগ করেন, তারা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং আশা করেছিলেন এনসিপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে দলটি ‘মুক্তিযুদ্ধবিরোধী’ শক্তির সঙ্গে হাত মেলানোয় তারা হতাশ হয়েছেন। তিনি আরও বলেন, “স্বাধীনতার চেতনায় অবিচল থাকতেই আমরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি।”

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ের এই দলবদল পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক অবস্থানকে আরও সুসংহত করবে।