জকসুর ভোট গণনা স্থগিত

0
জকসুর ভোট গণনা স্থগিত

বাংলাদেশ প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে ছয়টি মেশিন নিয়ে আসি। কিন্তু কারিগরি সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি।

তিনি আরও বলেন, আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে আনা হয় বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুটি মেশিনে আলাদা ফলাফল দেখায়, যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি।

ভোটের দিন সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ে। প্রথমবার ভোট দিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা।

এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। চারটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন। ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী লড়ছেন।