ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সরকারি জায়গা দখল করে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়।অভিযানে বাস টার্মিনালের সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান, বাস কাউন্টার এবং টিনশেড দিয়ে ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ছোট-বড় প্রায় ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।
যৌথ এই অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মো. আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মো. সোহাগ হোসেন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ। এ সময় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আনসার সদস্যরা আদালতের নিরাপত্তায় ও উচ্ছেদ কার্যক্রমে সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সড়কের দুই ধারে ও সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

