বাংলাদেশ প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন ।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মুসাব্বিরের ওপর ৫ রাউন্ড গুলি চালায় দুর্বত্তরা।
এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় গুলিবিদ্ধ আহত সুফিয়ান ব্যাপারী মাসুদকে (৪২) ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করে।
তিনি আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তবে বিস্তারিত কিছু জানেন না বলে দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

