নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতায় নজর দেবে ইইউ

0
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতায় নজর দেবে ইইউ

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভোটার নিবন্ধন থেকে শুরু করে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ—প্রক্রিয়াগত প্রতিটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক মিশন।

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইইউ প্রতিনিধি দলের প্রধান ইভার্স ইজাবস।

ইভার্স ইজাবস বলেন, “আমরা আমাদের পর্যবেক্ষণ মিশন সবেমাত্র শুরু করেছি। আমাদের একটি বিশেষজ্ঞ দল পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে। নির্বাচন পরবর্তী সময়ে আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব।” বাংলাদেশকে একটি ‘প্রাণবন্ত গণতন্ত্র’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগকে ইইউ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

কোন বিষয়গুলোতে ইইউ বেশি নজর দেবে—এমন প্রশ্নের জবাবে তিনি তিনটি প্রধান দিকের কথা উল্লেখ করেন: নিবন্ধন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নির্ভুল হচ্ছে। অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি। সামগ্রিক প্রক্রিয়ার ওপর জনগণের আস্থার প্রতিফলন।

ইভার্স ইজাবস আরও বলেন, “বাংলাদেশ একটি বৈচিত্র্যময় ও বহুমাত্রিক সমাজ। আমরা সারা বাংলাদেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরিকল্পনা করছি।”

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, ইসি তাদের সামনে পুরো নির্বাচনী রূপরেখা ব্যাখ্যা করেছে। বিশেষ করে একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করার মতো বড় চ্যালেঞ্জের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। তবে ইভার্স ইজাবস আশা প্রকাশ করেন যে, বর্তমান নির্বাচন কমিশন এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল এনালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসঙ্ক।