বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় খোদ আইফোনের আদলে নকল হ্যান্ডসেট তৈরির এক চাঞ্চল্যকর কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই অবৈধ কারখানায় বিদেশ থেকে আনা খুচরা যন্ত্রাংশ সংযোজন করে বাজারজাত করা হতো ‘ক্লোন’ আইফোন। এই ঘটনায় জড়িত তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) উত্তরার ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করে ডিবি মিরপুর বিভাগ। অভিযানে উদ্ধার করা হয় বিভিন্ন মডেলের ৩৬৩টি সুসজ্জিত আইফোন। আইফোনের বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ। হ্যান্ডসেট সংযোজনের আধুনিক যন্ত্রপাতি ও অবৈধ বিদেশি মদ।
গ্রেপ্তারকৃতরা হলেন— ট্যান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাহিউদ্দিন মাহমুদ সোহেল।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিসি সোহেল জানান, চক্রটি গত প্রায় দেড় বছর ধরে এই জালিয়াতি চালিয়ে আসছিল। তারা অত্যন্ত সুকৌশলে বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে আইফোনের পার্টস বা যন্ত্রাংশ আলাদাভাবে নিয়ে আসত। এরপর ঢাকার গোপন ল্যাবে সেগুলো সংযোজন করে অবিকল নতুনের মতো প্যাকেজিং করে আসল আইফোন হিসেবে উচ্চমূল্যে বাজারে সরবরাহ করত।
এই চক্রের সাথে কোনো বাংলাদেশি প্রভাবশালী বা ব্যবসায়ী জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে ডিসি সোহেল বলেন, “তদন্তে বেশ কিছু নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের শনাক্তে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।”
সাশ্রয়ী মূল্যে ‘অরিজিনাল আইফোন’ পাওয়ার লোভে পড়ে প্রতারিত না হতে সাধারণ মানুষকে সতর্ক করেছে ডিবি। অনুমোদিত ডিলার বা অফিশিয়াল শোরুম ছাড়া অনিবন্ধিত দোকান থেকে ফোন কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত চীনা নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

