অধ্যাদেশ জারির দাবিতে আজ রাজধানীর তিন মোড় অবরোধ করছে সাত কলেজ শিক্ষার্থীরা 

0
অধ্যাদেশ জারির দাবিতে আজ রাজধানীর তিন মোড় অবরোধ করছে সাত কলেজ শিক্ষার্থীরা 

আজকের ডেস্কঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে আবারো রাজপথে নামছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ১৫ জানুয়ারি সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন অনুমোদন ও রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির দাবিতে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অবরোধের আওতাভুক্ত এলাকাগুলো হলো— সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর অংশীজনদের সঙ্গে নানা আলোচনা ও বিতর্কের পর খসড়াটি হালনাগাদ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় তাদের আশ্বস্ত করেছিল যে, ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে জানুয়ারি মাসের শুরুতেই অধ্যাদেশ জারি করা হবে। তবে সেই প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়ন না হওয়ায় পুনরায় রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানতে পেরেছেন, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা হওয়ার কথা রয়েছে। উক্ত সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর হালনাগাদ খসড়া অনুমোদন করতে হবে। একই সাথে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে এই যৌক্তিক আন্দোলন আরও কঠোর ও দীর্ঘমেয়াদী করা হবে। আগামীকালকের অবরোধ কর্মসূচির ফলে সায়েন্সল্যাব ও মিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।