ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

0
ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ নগরীতে দুর্ধর্ষ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার মামলায় প্রধান অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযানে যায় কোতোয়ালি মডেল থানার একটি দল। এসআই ফরিদ আহমদের নেতৃত্বে ৫ সদস্যের দলটি দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তবে তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ সশস্ত্র লোক পুলিশের পথরোধ করে। তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং একপর্যায়ে হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় আহত এক এএসআই ও তিন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে র‍্যাব ও সেনাবাহিনী। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কর্তব্যরত পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনতাইয়ের বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা এরই মধ্যে মূল হোতা ও আসামির পিতা সাগর আলীকে আটক করেছি।”

তিনি আরও যোগ করেন, ছিনতাই হওয়া আসামি আরিফুল এবং হামলায় জড়িত ক্যাডার বাহিনীর সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।