ক্রীড়া ডেস্কঃ শক্তিশালী ভারতকে রুখে দিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক সূচনা করল বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই ছিল টানটান উত্তেজনাপূর্ণ।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ডেডলক ভাঙেন মঈন আহমেদ। রাহবার খানের নিখুঁত পাস থেকে কোণাকুণি শটে দলকে লিড এনে দেন তিনি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি; ভারতের আনমোল অধিকারীর গোলে দ্রুত সমতায় ফেরে ব্লু টাইগাররা। বিরতির ঠিক আগে রাহবার খান লক্ষ্যভেদ করে বাংলাদেশকে আবারও এগিয়ে নিলেও আত্মঘাতী গোলের দুর্ভাগ্যে ২-২ স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের ধার আরও বাড়ে। রোলুয়াপুইয়ার গোলে ভারত লিড নিলে মঈন আহমেদের দুর্দান্ত এক ফিনিশিংয়ে আবারও ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। এরপর গোলকিপারের এক ভুলে ফাঁকা জালে বল ঠেলে রোলুয়াপুইয়া ভারতকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দিলে হারের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে।
ম্যাচ যখন ভারতের পকেটে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হন অধিনায়ক রাহবার খান। ভারতীয় ডিফেন্ডার আনমোল বলের নিয়ন্ত্রণ হারালে বিদ্যুৎগতিতে তা কেড়ে নিয়ে জালে জড়ান রাহবার। ৪-৪ সমতায় উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
টুর্নামেন্টের রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার। সেই ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়ার এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় জয় পেতে সাহায্য করবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

