কূটনৈতিক প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও বহিরাগত অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “অনেকে হয়তো অনাকাঙ্ক্ষিত উদ্দেশ্যে এই সময়ে দেশে আসতে পারেন। তাই হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে আমরা সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছি। তবে নিয়মিত ভিসা প্রক্রিয়া চালু আছে। যাদের ভ্রমণের উদ্দেশ্য যথাযথ হবে, তারা ভিসা নিয়ে অনায়াসেই আসতে পারবেন।”
সম্প্রতি বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
অন্যদিকে, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর গুঞ্জন নিয়ে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন। উপদেষ্টা বলেন, “গাজায় সৈন্য পাঠানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা যুদ্ধ করতে যাব না। যদি নির্দিষ্ট ও অনুকূল পরিবেশ এবং যথাযথ কর্তৃপক্ষের নিশ্চয়তা পাওয়া যায়, তবেই সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে।”
মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই বিষয়টি মূলত ড. খলিলুর রহমান সমন্বয় করছেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় পরিস্থিতির সর্বশেষ কারিগরি তথ্য এই মুহূর্তে তার কাছে নেই। তিনি দেশে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

