দাউদকান্দিতে এনসিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0
দাউদকান্দিতে এনসিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দাউদকান্দি প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েক শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তারা ধানের শীষের পতাকাতলে শামিল হন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা যুবশক্তির সভাপতি মাজারুল ইসলাম হানিফের নেতৃত্বে এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। যোগদানকালে মাজারুল ইসলাম হানিফ বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির ওপর আস্থা রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ এখন জাতীয়তাবাদী শক্তির ঐক্য চায়। এনসিপি নেতাকর্মীদের এই যোগদান আগামী নির্বাচনে এলাকায় বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে উত্তর জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ড. খন্দকার মোশাররফ হোসেন।