উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারিভাবে গড়া মধু রিফাইনারি প্লাণ্টটিতে এবারে কম পরিমাণ মধু প্রসেস হচ্ছে। এর পরিচালনায় দায়িত্বে থাকাদের বক্তব্যে যে পরিমাণ মধু প্রসেস করার আশা করা হয়েছিল তা হচ্ছে না। মৌ খামারিরা সরিষা ফুল থেকে সংগ্রহ করা মধু প্রসেস করাতে এখানে আনছেন না বলে জানা গেছে। এর পেছনে দুটি কারণ বলা হচ্ছে । একটি কারণ হলো এবারে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ উৎপাদন কম হচ্ছে। অথচ চাহিদা বেশি আছে। তাই খামার থেকেই মধু বেচে দেওয়া হচ্ছে। আরেক কারণ বিভিন্ন এলাকায় ব্যক্তিগতভাবে ছোটো ধরণের মধু প্রসেসিং প্লাণ্ট গড়া হয়েছে। গত বুধবার অবধি রিফাইনারি প্লাণ্টটিতে ৪ হাজার ৪৫০ কেজি মধু প্রসেস করা হয়েছে বলে এর পরিচালনায় মূল দায়িত্বে থাকা দুজনের একজন মো. ছোরমান আলী জানিয়েছেন।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর বাজারে মধু রিফাইনারি প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। জানা গেছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে (ইউজিডিপি) জাইকার অর্থায়নে (জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে জাপানিজ ওডিএ লোন) প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। বিগত ২০২৪ সালে এর নির্মাণ কাজ শেষে ডিসেম্বর মাসে পরীক্ষামূলক চালু করা হয়। এরপর গত বছরের প্রথম মাসে পুরোপুরি চালু করা হয় বলে জানা যায়। এর পেছনে ভবনসহ সব কিছু মিলে প্রায় ৪৭ লাখ ৭৪ হাজার ৮২৩ টাকা ব্যয় খাতে প্রাক্কলিত মূল্য ধরা হয় বলে জানা গেছে।
উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আবাদী মাঠে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে বহু সংখ্যক মৌ খামার বসে। মৌ খামারগুলোয় সংগ্রহ করা মধু খামারিরা তাদের আগ্রহে এখানকার মধু রিফাইনারি প্ল্যান্টটিতে মধু প্রসেস করবেন। তারা প্রসেস করা মধু তাদের সুবিধা আর ইচ্ছেমতো বেচবেন। এসব ভেবে মোহনপুর বাজারে মধু রিফাইনারি প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে।
উল্লাপাড়া মৌ চাষি সমবায় সমিতি মধু প্রসেসিং প্লাণ্টটি পরিচালনা করছে। এ সমিতির সভাপতি ব্রাদার্স মৌখামার মালিক মো. মিজানুর রহমান শিহাব ও সাধারণ সম্পাদক সুমী মৌখামার মালিক মো. ছোরমান আলী প্ল্যান্টটি পরিচালনায় মূল দায়িত্বে আছেন। এখানে প্রতি কেজি মধু প্রসেস বাবদ দশ টাকা করে নেওয়া হয়। এটি পরিচালনায় বিদ্যুত বিল , কর্মচারী , রক্ষণাবেক্ষণ বাবদ প্রসেস বাবদ দশ টাকা কেজি ধরা হয়েছে বলে জানানো হয়। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রিফাইনারি প্ল্যান্টটি চলছে বলে জানা গেছে।
প্রতিবেদককে মৌ চাষী সমিতির সাধারণ সম্পাদক মো . ছোরমান আলী বলেন এবারে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে বিভিন্ন মাঠে বসানো মৌ খামারে মধু সংগ্রহ উৎপাদন কম পরিমাণ হচ্ছে। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ভরা সময়কালে আবহাওয়ায় ভর দিন রাত কুয়াশা ও শীত থাকায় আশা করা পরিমাণ মতো মধু সংগ্রহ হয়নি। যদিও এখনো মধু সংগ্রহে মৌ খামারগুলো মাঠে আছে। তিনি আরো বলেন মধুর চাহিদা বেশি থাকায় মৌ খামার মালিকদের বেশিজনই প্রসেস না করেই খামার থেকেই মধু বেচে দিচ্ছেন। এছাড়া বিভিন্ন এলাকায় ব্যক্তিগতভাবে ছোটো ধরণের মধু প্রসেসিং প্লাণ্ট গড়া হয়েছে। এসব কারণে রিফাইনারি প্লাণ্টটিতে আশানুরুপ মধু প্রসেস হচ্ছে না।

