বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘদিন পর দেশে ফিরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং নিছক সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে দুই পরিবারের সদস্যরা এই সময় অতিবাহিত করেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক রহমান সপরিবারে যমুনায় প্রবেশ করেন। রাত ৯টার পর সাক্ষাৎ শেষে তারা সেখান থেকে বেরিয়ে যান। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অন্যদিকে ড. ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা দিনা ইউনূস। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে অল্প সময় অবস্থানের পর ৬টা ৫২ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তিনি। গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে এটিই তার প্রথম সশরীরে সাক্ষাৎ।
উল্লেখ্য যে, গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল। গত মাসে দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি এবং তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আগেই জানিয়েছিলেন যে, এই সাক্ষাৎটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত ও সৌজন্যমূলক। তিনি স্পষ্ট করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এটি একটি পারিবারিক সৌজন্য বিনিময় মাত্র, এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আলোচনার সুযোগ নেই।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের দুই শীর্ষ ব্যক্তিত্বের এই পারিবারিক মিলনমেলা রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ পরিবেশের ইঙ্গিত দিচ্ছে।

