ভারতে খেলতে নারাজ বাংলাদেশ: ভেন্যু জটিলতা নিরসনে বিসিবি-আইসিসি বৈঠক

0
ভারতে খেলতে নারাজ বাংলাদেশ: ভেন্যু জটিলতা নিরসনে বিসিবি-আইসিসি বৈঠক

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু নির্ধারণ নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে অবশেষে বৈঠকে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দীর্ঘ আলোচনার পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ বৈঠকে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ভারতের মাটিতে খেলতে ইচ্ছুক নয়।

বৈঠকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়, দর্শক এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার বিষয়টিই তাদের কাছে মুখ্য। বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়টিও আইসিসি প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। বিসিবি স্পষ্টভাবে প্রস্তাব করেছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

আইসিসির পক্ষে সরাসরি উপস্থিত ছিলেন ইন্ট্রেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতায় সরাসরি আসতে না পারলেও অনলাইনে যুক্ত ছিলেন ইভেন্ট অ্যান্ড করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। অন্যদিকে, বিসিবির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

আলোচনা চলাকালীন ভেন্যু পরিবর্তনের লজিস্টিক জটিলতা এড়াতে একটি বিকল্প প্রস্তাব উঠে আসে। বর্তমানে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে আয়ারল্যান্ডের গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এতে করে ভেন্যু পরিবর্তনের ঝক্কি অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে।

বিসিবির অনড় অবস্থানের কথা শুনলেও আইসিসি প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। তারা জানিয়েছেন, আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আলোচনা ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ ছিল বলে দাবি করেছে বিসিবি। আপাতত কোনো সুরাহা না হলেও উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার করেছে।