গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকের সহকারির হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত

0
গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকের সহকারির হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এঘটনায় চালকের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাত্ক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দবন এলাকায় এ ঘটনা ঘটে।

টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক মো. ইকরাম হোসেন জানান, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে বাসে করে আসছিলো। উপজেলার বৃন্দাবন এলাকায় পৌঁছামাত্র ছাত্রবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গজারি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। এসময় বাস চালকের সহকারীর হাত বিচ্ছিন্ন হয়ে কেটে পড়ে। এসময় এক শিক্ষার্থী আহত হয়েছে।

তিনি আরও জানান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ৫৩ জন শিক্ষার্থী গ্রামীণ শিক্ষা কার্যক্রমে অংশ নিতে টেংরা গণস্বাস্থ্য কেন্দ্রে আসার পথে এই দুর্ঘটনা হয়। এতে চালকের সহকারীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন শিক্ষার্থী আহত হয়েছে।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের কমিউনিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে একটি প্রোগ্রামে অংশ নিতে শিক্ষার্থীরা দুটি বাসে রওনা হয়। পথিমধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এতে মিরাজ নামে এক শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়। প্রোগ্রামটি বন্ধ করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।