জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন এলাকাকে আরো পরিচ্ছন্ন পরিস্কার রাখার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সিটি প্রশাসক মোহা,আশরাফুল ইসলাম।
গতকাল সকাল এগারোটায় সিটি কর্পোরেশন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সভায় পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক পরিচ্ছন্নতা কর্মীদের নাগরিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করেন।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরের অপরিহার্য অংশ। নগর ব্যবস্থাপনায় আপনাদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করাও একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা যেন কোনোভাবেই এই অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশাসক মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।সভায় সিটি কর্পোরেশনের সচিব এবং অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান রাজস্ব কর্মকর্তা রুবেল রানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান প্রধান সম্পত্তি কর্মকর্তা রাজকুমার বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

