বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ প্রতিক্ষিত ‘শান্তিচুক্তি’র রেশ কাটতে না কাটতেই আবারও সংঘাতের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর রোড। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তায় অবস্থান নিলে উত্তেজনার সূত্রপাত হয়। গত দুই দিনে ঢাকা কলেজের সাতজন শিক্ষার্থী হামলার শিকার হওয়ার প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে পুলিশও পাল্টা অ্যাকশনে যায়।
সরেজমিনে দেখা যায়, বেলা ১২টার পর পরিস্থিতি চরমে পৌঁছালে পুলিশ ঢাকা কলেজের অভ্যন্তরে টিয়ারশেল নিক্ষেপ করে। পর পর দুই রাউন্ড টিয়ারশেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ক্যাম্পাস এলাকা। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে কলেজের ভেতরে ঢুকে পড়ে। বর্তমানে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই সংঘর্ষের প্রভাবে রাজধানীর অন্যতম ব্যস্ত মিরপুর রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
গত ৯ নভেম্বর পুলিশ ও দুই কলেজ প্রশাসনের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুল ও মিষ্টি বিনিময় করে ‘শান্তিচুক্তি’ করেছিল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ভবিষ্যতে আর কোনো সহিংসতায় না জড়ানোর সেই অঙ্গীকার এক মাস পার হওয়ার আগেই ভেঙে পড়ল। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, আইডিয়াল কলেজের কিছু ছাত্র ‘চায়নিজ কুড়াল’ দিয়ে তাদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে, যা এই নতুন সংঘাতের মূল কারণ।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং যান চলাচল স্বাভাবিক করতে তারা ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে না যায়। কলেজ প্রশাসনও শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

