দিনাজপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষণা করেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করা হবে। শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “তিস্তা অববাহিকার মানুষকে মরুকরণের হাত থেকে রক্ষা করতে পানির সুষম বণ্টন নিশ্চিত করা হবে। এটি শুধু একটি পরিকল্পনা নয়, উত্তরবঙ্গের মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই।”
দিনাজপুরের সঙ্গে নিজের পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দিনাজপুরে আমার নানিবাড়ি। এই এলাকার মানুষের সঙ্গে আমার রক্তের টান। নানিবাড়ির মানুষের কাছে আমি আজ আবদার নিয়ে এসেছি, আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
দিনাজপুরের উর্বর মাটি ও পরিশ্রমী মানুষের প্রশংসা করে তারেক রহমান বলেন: দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারিভোগ চাল এবং বিশ্বখ্যাত লিচুকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে বিশ্ববাজারে রপ্তানি করা হবে। শুধু কাঁচা কৃষিপণ্য উৎপাদন নয়, এলাকাভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে যাতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পান। কৃষক বাঁচাতে কৃষিঋণ সহজলভ্য করা এবং উৎপাদন খরচ কমানোর জন্য প্রয়োজনীয় ভর্তুকির আশ্বাস দেন তিনি।
তরুণ প্রজন্মের উদ্দেশে তারেক রহমান বলেন, “বিএনপির লক্ষ্য শুধু ক্ষমতা নয়, মানুষের জীবনমান উন্নয়ন। কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বেকার যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।” তিনি আরও জানান, দিনাজপুর অঞ্চলে আধুনিক কৃষি সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) এবং রপ্তানিমুখী বিশেষ জোন গড়ে তোলা হবে।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, “দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের দিন। ইনশাআল্লাহ, একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ আমরা গড়বই।”
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিরামপুরসহ পার্শ্ববর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ যোগ দেন। জনসভা শেষে তারেক রহমান দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং সবার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

