‘যা সম্ভব নয়, সেই প্রতিশ্রুতি বিএনপি দেয় না’: মিরপুরে তারেক রহমান

0
‘যা সম্ভব নয়, সেই প্রতিশ্রুতি বিএনপি দেয় না’: মিরপুরে তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি চেয়ার‌ম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সস্তা ও অবাস্তব প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়। রোববার বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে বা যা ইহজগতে সম্ভব নয়। যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব, আমরা কেবল সেই প্রতিশ্রুতিই দিচ্ছি।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান ঘোষণা করেন, ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সরাসরি সরকারের পক্ষ থেকে গৃহিণীদের আর্থিক সহযোগিতা করা হবে।

নারী শিক্ষা ও ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছিলেন বলেই আজ বাংলাদেশের মেয়েরা শিক্ষার আলো পাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা নারীদের স্বাবলম্বী করতে বদ্ধপরিকর।”

বেকারত্ব দূরীকরণে তারেক রহমান কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে বলেন: প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলা হবে। বিদেশে গমনেচ্ছুদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে কাউকে জমি বিক্রি করে বিদেশ যেতে না হয়।

কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়ে তিনি বলেন, কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই বিএনপি ক্ষমতায় গেলে:

কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে।

এ সময় তিনি মিরপুরবাসীর উদ্দেশ্যে বলেন, ঢাকা-১৫ আসনের মানুষের চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিনের ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।

“যারা জুলাই আন্দোলনে আহত ও শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং একটি আধুনিক বাংলাদেশ গড়তে হবে।”

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি (ডিপি ওয়ার্ল্ড) এই সরকারের আমলে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।