ভোটের ২ দিন আগে স্বস্তি বিএনপি শিবিরে: কাইয়ুম, কায়কোবাদ ও রফিকুল ইসলামের নির্বাচন করতে বাধা নেই

0
ভোটের ২ দিন আগে স্বস্তি বিএনপি শিবিরে: কাইয়ুম, কায়কোবাদ ও রফিকুল ইসলামের নির্বাচন করতে বাধা নেই

আদালত প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে বড় আইনি বাধা পেরোলেন বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা লিভ টু আপিলের শুনানি শেষে আদালত জানিয়েছেন, ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুম, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

ঢাকা-১১ আসন (এম এ কাইয়ুম): এই আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন যে এম এ কাইয়ুম ভানুয়াতো নামক দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে হাইকোর্ট এই অভিযোগ খারিজ করে দিলে নাহিদ ইসলাম আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আদালত আজ এই আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন, ফলে কাইয়ুমের বর্তমান প্রার্থিতা বহাল থাকছে।

কুমিল্লা-৩ আসন (কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ): এই প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল আপিল করেছিলেন। ইসি ও হাইকোর্ট উভয় স্থানেই কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষিত হওয়ার পর আজ আপিল বিভাগও ইউসুফ সোহেলের লিভ টু আপিল খারিজ করে দেন।

বগুড়া-১ আসন (কাজী রফিকুল ইসলাম): ঋণখেলাপির অভিযোগে এই আসনে জামায়াত সমর্থিত প্রার্থী সাহাবুদ্দিন রিট করেছিলেন। আদালত আজ সেই আবেদনের শুনানিও নির্বাচনের পর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দিয়েছেন। ফলে রফিকুল ইসলামের ভোটে অংশ নিতে কোনো বাধা থাকছে না।

আইনি লড়াই শেষে এই তিন প্রার্থী এখন পূর্ণ শক্তিতে নির্বাচনি মাঠে ফিরছেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রায়ের ফলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাগুলোতে বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।