ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি: দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সী

0
ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি: দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত মঞ্জুরুল আহসান মুন্সী

বাংলাদেশ প্রতিবেদকঃ ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার বিতর্কিত বক্তব্য দিয়ে অবশেষে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা খেলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়: “দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে ভোটারদের প্রকাশ্য হুমকি দিয়ে তাকে বলতে শোনা যায়: “ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না।” “আপনাদের ঘরবাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব। আমি কথাটা খুব পরিষ্কার বলতেছি।” “আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি।” “আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই… সেই অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেব।”

উল্লেখ্য, এই বিতর্কিত বক্তব্যের জেরে আগেই তার নির্বাচনী প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। এবার দলের শীর্ষ পর্যায় থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হলো যে, জনগণের ওপর চড়াও হওয়া বা উসকানিমূলক বক্তব্যকে বর্তমান বিএনপি কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

দেবিদ্বারের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ মঞ্জুরুল আহসান মুন্সীর এই বিদায় স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।