আন্তর্জাতিক ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে শুক্রবার এই তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন দূতাবাসের অভিনন্দনের পর পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের এই বার্তা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বিএনপির এই ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানান। তিনি লিখেছেন: “আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি বাংলাদেশের জনগণকে একটি সফল ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। জারদারি তাঁর বার্তায় দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রগুলো আরও প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী ফলাফল পুরোপুরি ঘোষণার আগেই বিশ্বের শক্তিশালী দেশগুলোর এই অভিনন্দন বন্যা তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য বড় ধরণের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করছে। বিশেষ করে দেড় যুগ পর গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচন হওয়ায় বিশ্ব সম্প্রদায়ের গভীর আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

