এবার অভিনন্দন জানাল চীন: বিএনপির সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরুর অপেক্ষায় বেইজিং

0
এবার অভিনন্দন জানাল চীন: বিএনপির সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরুর অপেক্ষায় বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে দেশটি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন অধ্যায়’ রচনার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস এই অভিনন্দন ও সংহতি প্রকাশ করে।

চীনা দূতাবাসের বার্তায় বাংলাদেশের জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও সফল নির্বাচনের জন্য সাধুবাদ জানানো হয়। অভিনন্দন বার্তায় বলা হয়েছে: “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের একটি নতুন ও গৌরবময় অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণার আগেই বিশ্বের তিন প্রধান শক্তি—ভারত, যুক্তরাষ্ট্র ও চীন—এর পক্ষ থেকে আসা এই ত্বরিত অভিনন্দন বার্তা নতুন সরকারের জন্য বড় ধরনের আন্তর্জাতিক বৈধতা নিশ্চিত করল। বিশেষ করে বেইজিংয়ের পক্ষ থেকে ‘নতুন অধ্যায়’ শুরুর কথা বলায় ধারণা করা হচ্ছে, আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে চীনের বড় ধরনের বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

দেড় যুগের রাজনৈতিক অচলাবস্থা ভেঙে একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসা বিশ্ব সম্প্রদায়ের কাছেও যে ইতিবাচক সাড়া ফেলেছে, বেইজিংয়ের এই বার্তা তারই সর্বশেষ প্রমাণ। নতুন সরকারের পররাষ্ট্রনীতিতে চীন কীভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে, এখন সেটিই দেখার বিষয়।