রাজশাহী-১ আসনে ভোট পুনঃগণনার নির্দেশনা চেয়ে ইসিকে চিঠি

0

মাসুদ রানা রাব্বানী : রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের ভোট পুনঃগণনার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। শনিবার নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, অব্যবস্থাপনা ও বিধি লঙ্ঘনের মাধ্যমে ভোট গ্রহণ ও গণনা করা হয়েছে দাবি করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৩৭ ধারা অনুযায়ী রাজশাহী-১ আসনের ভোট পুনঃগণনার আবেদন জানান।

জেলা রিটার্নিং অফিসারের চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী সংশ্লিষ্ট সংসদীয় আসনের ভোট পুনঃগণনার আবেদন করেছেন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। ইসির নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রাজশাহী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী অধ্যাপক মজিবুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলাফল অনুযায়ী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ হাজার ৮৮৪।

বিএনপি প্রার্থী তার অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে অধিকাংশ কেন্দ্রে জামায়াত সমর্থক প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়। এসব কর্মকর্তা পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীকে দেওয়া ৭ হাজার ৯৮৬টি বৈধ ভোট বাতিল করেছেন বলে তিনি দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, গোদাগাড়ীর ৫১নং ভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মোহনপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ব্যালট সংশ্লিষ্ট কেন্দ্রে গণনা না করে উপজেলা নির্বাচন অফিসে এনে গণনা করা হয়েছে। এছাড়া হাট গোবিন্দপুর ও ভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের সম্মতি ছাড়াই ব্যালট বাক্স উপজেলায় নেওয়া হয়েছে এবং ফলাফল শিটে ধানের শীষের এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি বলে দাবি করা হয়। পোস্টাল ব্যালট গণনাতেও অনিয়ম হয়েছে উল্লেখ করে বিএনপি প্রার্থী রাজশাহী-১ আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আকতার বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশন সচিবের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।