বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ ‘আইজিপি’ হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত আইজিপি ও এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।
মো. আলী হোসেন ফকিরের এই যাত্রাটি ছিল দীর্ঘ সংগ্রাম ও আইনি লড়াইয়ের। তার পেশাগত জীবনের প্রধান কয়েকটি মাইলফলক নিচে তুলে ধরা হলো:
তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শেখ হাসিনা সরকারের আমলে তিনি প্রথম দফায় চাকরিচ্যুত হন। পরবর্তীতে তাকে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি ন্যায়বিচার পান এবং চাকরিতে পুনর্বহাল হন।
এসপি হিসেবে ফেরার পর তিনি সুপার নিউমারারি ডিআইজি হন এবং গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।
নবনির্বাচিত এই আইজিপি’র নিজ জেলা বাগেরহাট। দীর্ঘ সময় মাঠ পর্যায়ে এবং কৌশলগত বিভিন্ন ইউনিটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

