কলকাতা প্রতিবেদকঃ শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বড় ধরনের মোড় পরিবর্তন এসেছে। এই হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে বাংলাদেশ থেকে ভারতে পালাতে সহায়তা করা ফিলিপ সাংমাকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। আজ শনিবার নদীয়ার শান্তিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার স্থায়ী বাসিন্দা। তার গ্রেপ্তারের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) জানিয়েছে, তাদের কাছে গোপন তথ্য ছিল যে ওসমান হাদি হত্যার সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তি নদীয়া সীমান্তে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে ফিলিপকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিপ সাংমা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে তিনি নিজেই মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়েছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান থেকে বাঁচতে তিনি নিজেও পরে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে মূল ঘাতক ফয়সাল করিম ও আলমগীরকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। ফিলিপ সাংমা গ্রেপ্তারের মধ্য দিয়ে এই পালানোর নেপথ্যের ‘রুশ রুট’ ও সহায়তাকারীদের নেটওয়ার্ক পরিষ্কার হলো।
বর্তমানে ফিলিপ সাংমাকে স্থানীয় আদালতে তোলা হয়েছে এবং আদালত তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। ভারতীয় পুলিশ ও বাংলাদেশ উপহাইকমিশন এখন আসামিদের দ্রুত প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে।
এই গ্রেপ্তারের ফলে ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র ও পালিয়ে যাওয়ার রুট সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

