
সাইফুল ইসলাম কবিরঃ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও প্রাকৃতিক ঢাল সুন্দরবন আজ বহুমুখী সংকটের আবর্তে বন্দি। এক দিকে বন বিভাগে শত শত শূন্য পদ ও আধুনিক জলযানের চরম ঘাটতি, অন্য দিকে আইনি মারপ্যাঁচে অপরাধীদের দ্রুত জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়া—সব মিলিয়ে বনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় মহাজনদের ‘দাদন বা ঋণের জাল’। জীবিকার তাগিদে এই ঋণের ফাঁদে পড়ে জেলেরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ এবং পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের মতো ধ্বংসাত্মক অপরাধে জড়িয়ে পড়ছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের সুন্দরবন বিভাগে মোট ১ হাজার ১৯০টি মঞ্জুরিকৃত পদের বিপরীতে বর্তমানে ৩২৩টি পদ শূন্য রয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন—উপবন সংরক্ষক, সহকারী বন সংরক্ষক, ফরেস্ট রেঞ্জার ও ডেপুটি রেঞ্জারের পদগুলোতে চরম জনবল সংকট রয়েছে। এছাড়া ফরেস্টর, সারেং, ইঞ্জিন চালক, নৌকাচালক ও বন প্রহরীর মতো মাঠপর্যায়ের বহু পদ ফাঁকা পড়ে আছে।
পৃথক হিসাব অনুযায়ী, খুলনা রেঞ্জের অনুমোদিত ৬৪৪টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪২৩ জন, অর্থাৎ এখানে ২২১টি পদ শূন্য। বিশাল এই বনাঞ্চলে এই সীমিত জনবল নিয়ে নিয়মিত টহল ও নিরাপত্তা নিশ্চিত করা বনকর্মীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ অংশের প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগজুড়ে রয়েছে অসংখ্য স্টেশন, ক্যাম্প ও ফাঁড়ি। এর মধ্যে পশ্চিম সুন্দরবনে ৫১২ জনের স্থলে ৩২৯ জন এবং পূর্ব সুন্দরবনে ৫১৬ জনের স্থলে ৩৫০ জন কর্মী দায়িত্ব পালন করছেন।
হিসাব কষে দেখা গেছে, বর্তমান জনবল অনুযায়ী প্রতি সাত বর্গকিলোমিটার বনাঞ্চল পাহারার দায়িত্ব পড়ছে মাত্র একজন বনরক্ষীর ওপর। দুর্গম নদী-খাল ও গভীর বনাঞ্চলের মধ্য দিয়ে এত বিশাল এলাকা একা পর্যবেক্ষণ করা বাস্তবিক অর্থেই অত্যন্ত দুরূহ।
জনবল সংকটের পাশাপাশি বন সুরক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আধুনিক ও দ্রুতগতির জলযানের অভাব। বনরক্ষীরা জানান, বিষ দিয়ে মাছ শিকার বা নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা আধুনিক ও দ্রুতগতির নৌযানে চড়ে পালিয়ে যায়।
স্টেশন কর্মকর্তা ও বনকর্মীদের দাবি, প্রতিটি স্টেশনে অন্তত একটি করে কেবিন ক্লোজার স্পিডবোট এবং আধুনিক অস্ত্রশস্ত্র থাকা জরুরি। পাশাপাশি, অনেক অপরাধী ভুয়া বা অন্যের ‘বিএলসি’ (বোট লাইসেন্স সার্টিফিকেট) ব্যবহার করে কিংবা বিনা পাসে বনে প্রবেশ করছে। যদিও অপরাধ দমনে বর্তমানে ড্রোন প্রযুক্তির ব্যবহার ও স্মার্ট প্যাট্রোলিং বাড়ানো হয়েছে।
স্থানীয় প্রভাবশালী মহাজন ও পাচারকারীদের কাছ থেকে অগ্রিম ‘দাদন’ বা চড়া সুদে ঋণ নেওয়া জেলেরা তা পরিশোধের চাপে বেপরোয়া হয়ে উঠছেন। দ্রুত বেশি মাছ পাওয়ার লোভে তারা নদী ও খালের পানিতে ‘রিপকর্ড’, ‘সাইপারমেথ্রিন’, ‘ডাইমেক্রন’ ও ‘শেফা’র মতো মারাত্মক কীটনাশক বা বিষ প্রয়োগ করছেন।
এর ফলে শুধু মৎস্যসম্পদ নয়, সুন্দরবনের পুরো জলজ বাস্তুতন্ত্র ও খাদ্যশৃঙ্খল ধ্বংসের মুখে পড়েছে। চিকিৎসকদের মতে, কীটনাশকযুক্ত এসব বিষাক্ত মাছ মানবদেহে প্রবেশ করলে ডায়রিয়া, বমি, শ্বাসকষ্টসহ দীর্ঘমেয়াদে ক্যানসার ও কিডনি-লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
অপরাধীরা বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে আদালতে গেলেও বিদ্যমান বন আইনের ফাঁকফোকর বা জামিনের সুযোগ নিয়ে দ্রুত বেরিয়ে আসছে এবং আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। এ কারণে সুন্দরবন রক্ষায় বিদ্যমান আইন আরও কঠোর ও যুগোপযোগী করার দাবি জানিয়েছেন আইনি বিশেষজ্ঞরা।
চলমান সংকটের মধ্যেও বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২০২৫-২৬ অর্থবছরে কেবল খুলনা রেঞ্জেই ২৯৪টি মামলা দায়ের এবং ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ হরিণের মাংস, ফাঁদ, নৌকা, ট্রলার ও কীটনাশক জব্দ করা হয়। এছাড়া ১৩৫ জন চিহ্নিত শিকারির একটি ‘রেড লিস্ট’ তৈরি করে নজরদারি রাখা হয়েছে। তবে অভিযানে গিয়ে অনেক সময় বনকর্মীদের অস্ত্রধারী অপরাধীদের বাধার মুখেও পড়তে হয়।
কয়রাসহ বনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্থায়ী চেকপোস্ট না থাকায় বনজ সম্পদ পাচারের ঝুঁকি বাড়ছে। পরিবেশবিদ ও গবেষকদের মতে, শুধু অভিযান চালিয়ে বা জেলেদের আটকে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ ও আধুনিক জলযান সরবরাহ। অপরাধের নেপথ্যে থাকা অর্থলগ্নিকারী ও মহাজনদের আইনের আওতায় আনা। উপকূলীয় জেলেদের জন্য সহজ শর্তে ঋণ ও বিকল্প জীবিকার ব্যবস্থা করা। বন বিভাগ, পুলিশ, কোস্ট গার্ড এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত ও জোরালো উদ্যোগ।
সুন্দরবন কেবল একটি বনাঞ্চল নয়, এটি কোটি মানুষের জীবন-জীবিকা ও উপকূলের সুরক্ষার প্রধান কবচ। তাই এই অমূল্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় এখনই সর্বাত্মক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের সবচেয়ে বড় দাবি।
