মানিকগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর পর এবার মানিকগঞ্জ জুড়ে শুরু হয়েছে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের তাণ্ডব। জেলা পুলিশ সুপারের (এসপি) বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এবং প্রধান রাজনৈতিক দলগুলোর কার্যালয়সহ অন্তত ৯টি সংবেদনশীল স্পটে একযোগে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে শুরু করে গভীর রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টার এই তাণ্ডবে পুরো জেলাজুড়ে তীব্র উত্তেজনা, আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত অত্যন্ত দ্রুততার সাথে ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুটি এবং রাত সাড়ে ৮টার দিকে গোলড়া স্ট্যান্ডে একটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা।
সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় রাত সাড়ে ৮টার দিকে দুটি এবং রাত সাড়ে ১০টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়ের ঠিক সম্মুখভাগে একটি করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
রাত সাড়ে ১০টার দিকে গুরুত্বপূর্ণ পাটুরিয়া পুলিশ ফাঁড়ির সামনে এবং সবশেষ রাত সাড়ে ১১টার দিকে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত জেলা পুলিশ সুপারের (এসপি) বাসভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকা কেঁপে ওঠে।
ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পরপরই এর প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে তারা এই নাশকতার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিস্ফোরণের পরপরই পুলিশ ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সবকটি দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং পুরো এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুই যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এসপির বাসভবনসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল ফোটানোর খবর পাওয়ামাত্রই পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে, সেজন্য জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও রাতে টহল জোরদার করা হয়েছে। এ ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বাত্মক সচেষ্ট রয়েছে।”

