উচ্চশিক্ষায় বড় রদবদল: ঢাবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ

0
উচ্চশিক্ষায় বড় রদবদল: ঢাবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ

বাংলাদেশ প্রতিবেদকঃ ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির আগে শেষ কর্মদিবসে দেশের উচ্চশিক্ষা স্তরে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সাতটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক সংস্থা ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি পদত্যাগ করা অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এবারের নিয়োগে অভিজ্ঞ ও জাতীয়তাবাদী ঘরানার শিক্ষকদের প্রাধান্য দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইছ উদ্দীন উভয়েই বিএনপিপন্থি শিক্ষক রাজনীতিতে সুপরিচিত মুখ। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যথাক্রমে অধ্যাপক আল ফোরকান ও অধ্যাপক ফরিদুল ইসলামের মতো অভিজ্ঞ শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রিফিংয়ে জানান, এই নিয়োগের বিষয়ে শীঘ্রই মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। ঈদের ছুটির পর নতুন উপাচার্যগণ স্ব-স্ব কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।

উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা আনতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কোন বিশ্ববিদ্যালয়ে কে নিয়োগ পেলেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. রইছ উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক নুরুল ইসলাম।

অপরদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন এবং সদ্য পদত্যাগ করা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হবেন।

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বিএনপিপন্থি সাদা দলের সাবেক আহ্বায়ক। রাবির উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীনও বিএনপিপন্থি। তিনি বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চবিতে উপাচার্য নিয়োগ পাওয়া অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সিনিয়র সহ-সভাপতি।