ঈদে ঘরমুখো মানুষের ঢল: চন্দ্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে

0
ঈদে ঘরমুখো মানুষের ঢল: চন্দ্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে

বাংলাদেশ প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে যাত্রার শুরুতেই গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কের প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উত্তর ও দক্ষিণবঙ্গগামী হাজারো যাত্রী।

মঙ্গলবার শিল্পাঞ্চল গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর একযোগে লাখো শ্রমিক ও কর্মজীবী মানুষ টার্মিনালের দিকে ছুটতে শুরু করেন। সরেজমিনে দেখা যায়, চন্দ্রা বাস টার্মিনাল এখন লোকে লোকারণ্য। ভিড়ের চাপে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা বাসের ছাদে চড়েও গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

সন্ধ্যার পর থেকে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। বর্তমানে সফিপুর থেকে চন্দ্রা প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট। কবিরপুর থেকে চন্দ্রা আরও ৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির ধীরগতি। সব মিলিয়ে প্রায় ১০-১২ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, যেখানে যানবাহন চলছে থেমে থেমে।

বগুড়াগামী যাত্রী রুবেল হোসেন আক্ষেপ করে বলেন, “চন্দ্রা পর্যন্ত পৌঁছাতেই দুই ঘণ্টা পার হয়ে গেছে। রাস্তায় গাড়ি নড়ছে না, আবার টার্মিনালে এসেও বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।”

পোশাককর্মী সুমাইয়া আক্তার জানান, সারাদিন কারখানায় কাজ করার পর পরিবারের সাথে ঈদ করতে বের হয়ে এই চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েছেন তিনি। কখন বাসে উঠতে পারবেন বা কখন গন্তব্যে পৌঁছাবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তিনি। অধিকাংশ যাত্রীর অভিযোগ, চালকরা যত্রতত্র যাত্রী তুলছেন, যার ফলে যানজট আরও তীব্র হচ্ছে।

যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপের সামনে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।

কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, “ঈদের কারণে গাড়ির চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এছাড়া চন্দ্রা এলাকায় সড়ক কিছুটা সংকুচিত হওয়ায় এবং যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে থাকায় ধীরগতি তৈরি হয়েছে। আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।”

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “চন্দ্রা ত্রিমোড় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে সবসময়ই চাপ থাকে। ঈদ উপলক্ষে সেই চাপ বহুগুণ বেড়েছে। হাইওয়ে পুলিশের সাথে জেলা পুলিশও মাঠে আছে। আশা করছি দ্রুত পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে।”

রাত বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান করবেন।