বাংলাদেশ প্রতিবেদকঃ এক মাস আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার পর বাংলার আকাশে দেখা দিয়েছে উৎসবের নতুন চাঁদ। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে, আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার খবর নিশ্চিত করেন।
বৈঠক শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আমরা পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবো। সবাইকে ঈদ মোবারক।”
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ২৯ রমজান শেষেই আজ শাওয়ালের নতুন চাঁদের দেখা মিলল। এর ফলে ৩০ দিনের পূর্ণ কোটা পূর্ণ না করেই কাল খুশির ঈদে মাতবে দেশ। রাজধানীর প্রধান ঈদগাহ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মসজিদগুলোতে এখন চলছে ঈদের জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি।
দীর্ঘ এক মাস রোজা রাখার পর শাওয়ালের এই প্রথম দিনটি মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা। ঘরে ঘরে চলছে এখন সেমাই-পায়েস আর ঈদ আয়োজনের ধুম।

