আজকের ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই উৎসবের আনন্দ যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী রমজানের শিক্ষা ও ঈদের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল ফিতর কেবল উৎসব নয়, বরং এটি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা। মাসব্যাপী সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে অর্জিত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন “পবিত্র রমজান আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এই ত্যাগের মহিমাই সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ঈদ আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে যাওয়ার সুযোগ করে দেয়। তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন ঈদের এই রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয়। তিনি দেশবাসীকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সম্মিলিতভাবে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

