জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ নামাজ আদায়: সম্প্রীতির বন্ধনে দেশবাসী

0
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ নামাজ আদায়: সম্প্রীতির বন্ধনে দেশবাসী

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল জামাত সম্পন্ন হয়।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মুসল্লি—সবাই আজ এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান । নামাজ শেষে তাঁরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া জামাতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবর্গ, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিগণ।

ঈদের এই প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খতিব সাহেব বিশেষ খুতবা প্রদান করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে দোয়া করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিবিড় তত্ত্বাবধানে এবার জাতীয় ঈদগাহ ময়দানকে সাজানো হয়েছিল অনন্য রূপে। ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন এই মাঠে নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ও সংরক্ষিত ব্যবস্থা।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা টুপি-পাঞ্জাবি পরে ঈদগাহে জড়ো হতে থাকেন। কড়া নিরাপত্তা তল্লাশি পেরিয়ে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রাজধানীর কেন্দ্রস্থলে এমন মনোরম পরিবেশে নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।