ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে সহপাঠীকে ধর্ষণ: মুমূর্ষু অবস্থায় ছাত্রী ঢামেকে, অভিযুক্ত তুহিন গ্রেপ্তার

0
ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে সহপাঠীকে ধর্ষণ: মুমূর্ষু অবস্থায় ছাত্রী ঢামেকে, অভিযুক্ত তুহিন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে নির্জন স্থানে ধর্ষণের অভিযোগ উঠেছে তার এক সহপাঠীর বিরুদ্ধে। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত তুহিন দুজনেই গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী। রোববার সকালে সহপাঠী তুহিনের সাথে ঘুরতে বের হয়েছিলেন ওই ছাত্রী।

অভিযোগ অনুযায়ী, ঘোরার একপর্যায়ে তুহিন কৌশলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পাশবিক এই নির্যাতনের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

অসুস্থ ওই ছাত্রীকে নিয়ে বিপাকে পড়ে অভিযুক্ত তুহিন। অবস্থার অবনতি দেখে লোকচক্ষুর অন্তরালে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত তুহিন গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, “অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।”