উত্তরাঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত: জমি ও শ্রম সস্তায় বিনিয়োগের বিশাল সম্ভাবনা

0
উত্তরাঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত: জমি ও শ্রম সস্তায় বিনিয়োগের বিশাল সম্ভাবনা

জয়নাল আবেদীনঃ রংপুর বিভাগে শিল্পায়নের অপার সম্ভাবনার কথা তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, সস্তা জমি, সুলভ শ্রম এবং চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে উত্তরাঞ্চল এখন বিনিয়োগের জন্য দেশের সবচেয়ে আদর্শ জায়গা। উদ্যোক্তাদের সঠিক সহযোগিতা প্রদান করা গেলে শিল্পায়নের মাধ্যমে নতুন সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, রংপুর অঞ্চল দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। তাই এখানকার কৃষিপণ্যকে ভিত্তি করে শিল্পকারখানা গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হবে। তিনি আশ্বাস দেন যে, উত্তরাঞ্চলে যারা নতুন শিল্প স্থাপন করবেন, তাদের জন্য সরকার বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের মধ্যে উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সরকার বছরের পর বছর লোকসান দিয়ে ভর্তুকি দেবে না। প্রতিটি কারখানা পরিচালনার ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে।”

উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে একটি ‘বিশেষায়িত তহবিল’ গঠনের পরিকল্পনা করেছে। বিগত দিনে নারী সহায়তার নামে হওয়া লুটপাটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এবার এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হবে।

উত্তরাঞ্চলের সাথে দেশের অন্যান্য প্রান্ত ও বিদেশের যোগাযোগ সহজ করতে রেলপথের উন্নয়ন এবং স্থলবন্দরগুলোকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এছাড়া সরকারি জমিগুলোকে শিল্পায়নের কাজে লাগানো এবং কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ পরিকল্পনার কথা সভায় জানানো হয়।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার। রংপুর-৩ আসনের এমপি মাহাবুবুর রহমান বেলাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন। রংপুর ও গাইবান্ধার জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসক। এফবিসিসিআই সংগঠক মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ রংপুর বিভাগের ৮ জেলার ব্যবসায়ী ও উদ্যোক্তাবৃন্দ।

জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় রংপুর রেঞ্জ ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।